এক বছরের কন্যা সন্তানকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে আলামিন (৩০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের ফতেপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
এ ঘটনায় ওই শিশুর মা হোসনে আরা আক্তার শুক্রবার রাতে স্বামীকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে মাদকাসক্ত আলামিন প্রায়ই স্ত্রীকে মারধর করতেন। গত ৩ নভেম্বর সকালে আলামিন ও তার বাড়ির লোকজন মিলে একমাত্র কন্যা সন্তান মীম আক্তারকে রেখে স্ত্রী হোসনে আারাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তারা। এর মধ্যে সন্তানের খোঁজ নিতে হোসনে আরা একাধিকবার স্বামীর বাড়িতে যান। সন্তানকে ওই বাড়িতে না পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছেও যান তিনি।
এদিকে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে পাশের বার্তা গ্রামের কালিগঙ্গা নদীতে স্থানীয় জেলে মাছ ধরতে গেলে পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পায়। খবর পেয়ে হোসনে আরা তার পরিবারের লোকজন নিয়ে গলায় তাবিজ দেখে সন্তানের লাশ শনাক্ত করেন।
লাশ উদ্ধারের সময় প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে হত্যার পর একাধিক টুকরা করা হয়েছে। হোসনে আরার দাবি আলামিন তাকে বাড়ি থেকে বের করে দেয়ার পর তার সন্তানকে নৃশংসভাবে হত্যা করে লাশ টুকরা করে নদীতে ফেলে দিয়েছে। এ হত্যাকাণ্ডের সাথে আলামিনের পরিবারের লোকজনও জড়িত।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়ার পর আলামিন ও তার সন্তান মীমকে বাড়িতে দেখা যায়নি। তাদের ধারণা মাদকাসক্ত আলামিন শিশুটিকে খুন করে কালিগঙ্গা নদীতে ফেলে দিয়েছে।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো: ফরহাদ হোসেন বলেন, শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।



