মুন্সীগঞ্জের সিরাজদীখানে মাটি ভরাটকে কেন্দ্র করে নবধারা স্যাটেলাইট সিটি ও সুমনা হাউজিংয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের সমর্থকদের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার টেটা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে পুলিশ গিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রোববার সকাল ৭টায় উপজেলার বালুচর ইউনিয়নের বেগম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রিজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনা হাউজিং কোম্পানির লোকরা নবধারা স্যাটেলাইট সিটির মাটি কাটার ড্রেজার বন্ধ করে দিলে দু'পক্ষই মারামারির প্রস্তুতি নেয় পরে পুলিশের হস্তক্ষেপে পরিবেশ শান্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় এক হাজার টেটা উদ্ধার করা হয়। এ ঘটনায় এখনো কোনো মামলা কিংবা অভিযাগ দায়ের হয়নি, হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।