কুমিল্লার দেবিদ্বার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে বোমা ডিসপোজাল টিম। রোববার গভীর রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নের বিহারমণ্ডল বাজার থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে বিহারমণ্ডল বাজারে হঠাৎ দু’টি বিস্ফোরণের শব্দে লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেখানে একটি ব্যাগে বোমাসদৃশ বস্তু দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে দেবিদ্বারের সার্কেল এএসপি আমিরুল ও দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার ঘটনাস্থলে যান। খবর দেয়া হয় বোমা ডিসপোজাল ইউনিটকে। রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ও সিআইডির একটি টিম সেখানে এসে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে।
দেবিদ্বার থানার ওসি জহিরুল আনোয়ার জানান, রাত ২টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল সেখান থেকে বোমা তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে। তবে আগে বোমা বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। সোমবার সকালে পুলিশ ও সিআইডির একটি তদন্ত দল পুনরায় ঘটনাস্থলে গেছে। বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা জানান, যেসব সরঞ্জাম উদ্ধার করা হয়েছে তা শক্তিশালী বোমা তৈরিতে ব্যবহার করা হয়।



