গাজীপুর মহানগরে একই দিন পৃথক স্থান থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে একটি লাশ রাজবাড়ি পুকুরপাড় থেকে ও অন্যটি মহাসড়কের পাশে ময়লার স্তুপ থেকে উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ২টায় গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চ বিদ্যালয়ের স্টাফ কোয়ার্টার সংলগ্ন রাজবাড়ি পুকুর পাড়ে খেজুর গাছের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পায়। মেয়ে নবজাতকটির বয়স এক দিন বলে পুলিশ জানায়।
অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় ইপসা গেটের পাশে ময়লার স্তুপে আরেকটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। এসময় উৎসুক জনতা কার্টনটি খুলে ওড়নায় মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটিও মেয়ে নবজাতকের লাশ এবং বয়স এক দিন বলে স্থানীয়রা জানান।
এব্যাপারে যোগাযোগ করা হলে মেট্রো সদর থানার ডিউটি অফিসার রোকসানা নয়া দিগন্তকে জানান, একটি লাশের বিষয়ে তিনি অবগত হয়েছেন, অপরটির ব্যাপারে এখনো তিনি কিছু জানেননি।



