গাজীপুর মহানগরে গতকাল মঙ্গলবার পৃথক দু’টি স্থানে দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ রাজবাড়ি পুকুরপাড় থেকে ও অন্যটি মহাসড়কের পাশে ময়লার স্তূপ থেকে উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে গাজীপুর শহরের রানী বিলাসমনি বালক উচ্চবিদ্যালয়ের স্টাফ কোয়ার্টারসংলগ্ন রাজবাড়ি পুকুর পাড়ে খেজুর গাছের নিচে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ খবর পেয়ে কার্টনের ভেতর কাপড়ে মোড়ানো নবজাতকের লাশ পায়। মেয়ে নবজাতকটির বয়স আনুমানিক এক দিন বলে পুলিশ জানায়। অন্য দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় ইপসা গেটের পাশে ময়লার স্তূপে আরেকটি কার্টন পড়ে থাকতে দেখতে পায় স্থানীয়রা। এ সময় উৎসুক ব্যক্তিরা কার্টনটি খুলে ওড়নায় মোড়ানো নবজাতকের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এটিও মেয়ে নবজাতকের লাশ এবং বয়স আনুমানিক একদিন বলে স্থানীয়রা জানান।