গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকার বলেছেন, দেশ রক্ষায় আরেকটি সংগ্রাম করতে হবে, যুবকরা প্রস্তুত হও। জাতীয়তাবাদী চেতনা ও ইসলামী মূল্যবোধ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ, এটি আমাদের স্বকীয়তা যা আমাদের রক্তের সাথে মিশে আছে। এই চেতনায় যারা আঘাত দেয় তারা দেশের স্বাধীনতা সার্বভৌমবিরোধী চক্রান্তে লিপ্ত।
গতকাল বুধবার জাতীয়তাবাদী ছাত্রদলের টঙ্গী পশ্চিম থানা ও টঙ্গী সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির সদস্যরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এলে তিনি ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে বক্তৃতায় এসব কথা বলেন। গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ সুমন, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক রেদুয়ানুর রহমান প্রত্যয় বেপারী, সদস্য সচিব বুলবুল সিদ্দিকী, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মনিরুল ইসলাম তামজিদ, সদস্য সচিব কাউসার আহমেদসহ দু’টি কমিটির অন্যান্য ছাত্রদল নেতারা এ সময় উপস্থিত ছিলেন।