দিনাজপুরের চিরিরবন্দরের বি-আমতলী সরস্বতীপুর সীমান্তে মাদক অভিযানে যাওয়া দুই র্যাব সদস্যকে রাত সাড়ে ৯টায় পতাকা বৈঠকের পর হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
জানা গেছে, গত ১০ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার পুনট্টি ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের সীমান্তের মেইন পিলার ৩০৭, সাব পিলার-১-এর কাছ থেকে র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১-এর সহঅধিনায়ক (এএসপি) শ্যামল চং ও কনস্টেবল আবু বকর সিদ্দিককে আটক করে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
চিরিরবন্দর উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল ওহাব জানান, র্যাব সদস্যরা সেখানে ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযানে যান। সরস্বতীপুর ভারতীয় অংশে মাদক ব্যবসায়ী মিলনকে আটক করে হাতকড়া পরালে সে চিৎকার করে। এ সময় এক রাউন্ড গুলি করে র্যাব সদস্যরা পালিয়ে আসে। কিন্তু ওই অভিযানে অন্যত্র থাকা দু’জন র্যাব সদস্য সেখানে গেলে তাদেরকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে ভারতীয় গ্রামবাসী।
এ ব্যাপারে ২৯ বিজিবির অধিনায়ক শরিফউল্লাহ আবেদ ও র্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তা ফোন রিসিভ করেননি। রাত আনুমানিক সাড়ে ৯টায় চিরিরবন্দর উপজেলার বি-আমতলী ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনিসুর রহমানের নেতৃত্বে এবং ভারতীয় সমজিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডারের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় এবং আটক র্যাব সদস্যদের হস্তান্তর করা হয়।