উখিয়া-টেকনাফের সাবেক সংসদ সদস্য কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী (৭৩) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল শুক্রবার, ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ফুলের ডেইলস্থ নিজ বাড়িতে তিনি মরা যান। তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
আছরের নামাজের পর হ্নীলা সড়ক ও জনপদ বিভাগের (সিএ-বি) মাঠে জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে দাফন করা এই রাজনৈতিক নেতার মৃত্যুতে পুরো জেলায় শোকের ছায়া নেমে এসেছে।
সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজারের চারটি আসনের এমপি জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, জাতীয় পার্টি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান।
প্রধানমন্ত্রীর শোক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বিবৃতিতে তিনি মরহুমের পবিত্র রূহের মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাসস