চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বনফুল গ্রুপের চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হয়েছেন তিনি। তিনি বর্তমানে নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমএ মোতালেবের ব্যক্তিগত সহকারী আবু তৈয়ব জানান, গত সোমবার সকালে করোনার প্রাথমিক উপসর্গ দেখা দিলে উপজেলা চেয়ারম্যান এমএ মোতালেব সিআইপি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন। ওইদিন বিকেলে জ্বরসহ শারীরিকভাবে অসুস্থবোধ করায় তিনি পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত রিপোর্টে তার রিপোর্ট নেগেটিভ আসে কিন্তু শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুনরায় করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। শুক্রবার পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।