কিশোরগঞ্জের কটিয়াদীতে এক তরুণীর (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আচমিতা ইউনিয়নের একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের ধান ক্ষেত থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পাশের ধানক্ষেতে তরুণী মেয়ের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী কটিয়াদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে কটিয়াদী থানায় নিয়ে আসে। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণীর নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের ধারণা, অন্যকোথাও ধর্ষণের পর হত্যা করে রাতের কোনো এক সময় স্কুলের পাশে ধানক্ষেতে লাশটি ফেলে যায় দুর্বৃত্তরা।
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই তরুণীর লাশের পাশে একটি হাত ব্যাগ পাওয়া গেছে। ব্যাগের ভিতরে একটি বোরকাও ছিল। ওই তরুণীর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করার প্রক্রিয়াধীন রয়েছে।



