বাগেরহাটের শরণখোলায় গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর নৌপুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিনের নেতৃত্বে দুই কেজি হরিণের গোশতসহ এক চোরা শিকারীকে আটক করেছে পুলিশ।
শরণখোলা থানা সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও ধানসাগর স্টেশনের বনরক্ষীরা অভিযান চালিয়ে সুন্দরবন থেকে ফিরে আসা ব্যাগ ভর্তি দুই কেজি হরিণের গোশতসহ আবদুর রব সরদারকে (৫২) নিজ বাড়ির সামনে থেকে আটক করে।
আটক আবদুর রব সরদার উপজেলার রতিয়া রাজাপুর গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।
এ ব্যাপারে ধানসাগর নৌপুলিশ ফাঁড়ির এএসআই আজিম উদ্দিন শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এএসআই আজিম উদ্দিন জানান, আটক আবদুর রব সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনে হরিণ শিকার করে ভাগবাটোয়ারা করে গোশত নিয়ে তার বাড়িতে ফিরছিলেন।
এ ব্যাপারে শরণখোলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুর রহমান জানান, আটক শিকারীর বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের হয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী গোশতগুলো ধ্বংস করা হবে।



