লক্ষ্মীপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের চন্দ্রগঞ্জের সাদার ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে যাত্রী কমলনগর উপজেলার চরমার্টিন এলাকার আবু সাঈদের ছেলে জামাল উদ্দিনের পরিচয় নিশ্চিত হলেও আটোরিকশা চালকের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতদের লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রায়পুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৪৪৪৯) একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ফলবাহী সিএনজিচালিত অটোরিকশার (নোয়াখালী থ-১২-০৫০১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এতে আটোরিকশায় থাকা ফল ব্যবসায়ী ও চালক ঘটনাস্থলেই মারা যায়।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জসীম উদ্দিন দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস এবং আটোরিকশাটি জব্দ করা হয়েছে।