ভাষা সৈনিক মো: জাহিদ হোসেন মুসা মিয়া (৯০) আর নেই। গতকাল মঙ্গলবার ঢাকার বাসায় বার্ধক্যজনিত কারণে ঝিনাইদহের সবার পরিচিত মুসা মিয়া ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, ৬ ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। আজ বাদ জোহর ঝিনাইদহ শহরের উজির আলী স্ক্রল মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। তিনি ছিলেন জাহিদি ফাউন্ডেশনের চেয়ারম্যান। সমাজসেবক মুসা মিয়া ছিলেন বর্ণাঢ্য জীবনের অধিকারী। দেশ স্বাধীনের আগ থেকেই তিনি সামাজিক ও রাজনৈতিক কর্মে জড়িয়ে পড়েন। ঝিনাইদহ, যশোরসহ দেশের বিভিন্ন স্থানে তার এবং তার পরিবারের শিক্ষা বিস্তারে রয়েছে অসামান্য অবদান। বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনের কর্মকর্তারা জাহিদ হোসেন মুসা মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



