নীলফামারীর ডিমলায় দ্বিতীয় স্ত্রী তানজিলা বেগমকে (৩৫) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে প্রথম স্ত্রী ও স্বামীকে আটক করে রিমান্ডে নিয়েছে থানা পুলিশ।
বুধবার বিকেলে আটক স্বামী জিয়াউর রহমান (৪৫) ও তার প্রথম স্ত্রী মিনা বেগমকে (৩৮) আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে ডিমলা থানা পুলিশ।
এদেরকে বুধবার ভোরে উপজেলার ছাতনাই বালাপাড়া গ্রাম থেকে আটক করে পুলিশ। আটক জিয়াউর রহমান ওই গ্রামের কালটু মামুদের ছেলে। দ্বিতীয় স্ত্রী তানজিলা বেগম উপজেলার কারীগঞ্জ গ্রামের নাছির উদ্দিনের মেয়ে।
মামলার অভিযোগে জানা যায়, প্রথম স্ত্রী মিনা বেগম থাকা অবস্থায় ছয় মাস আগে জিয়াউর রহমান স্বামী পরিত্যক্ত তানজিনা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর সু-কৌশলে জিয়াউর রহমান দ্বিতীয় স্ত্রী তানজিলার পোস্ট অফিসে রক্ষিত তিন লাখ টাকা হাতিয়ে নেন।
অতঃপর মঙ্গলবার রাতে নিজবাড়িতে দ্বিতীয় স্ত্রী তানজিনাকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য জিয়াউর রহমান ও তার প্রথম স্ত্রী মিনা বেগম এলাকায় প্রচার করেন তানজিনা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
অপর দিকে তানজিনার বাবা নাছির উদ্দিন বলেন, আমার মেয়ের পোস্ট অফিসে থাকা তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার পরই তাকে পরিকল্পিতভাবে হত্যা করেন জিয়াউর রহমান ও তার প্রথম স্ত্রী মিনা বেগম।
এ ঘটনায় তানজিলা বেগমের বাবা নাছির উদ্দিন ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেন।
ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে মাধ্যমে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে।



