সহকর্মীদের বিরুদ্ধে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি তহবিল থেকে ১০ লাখ টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ দায়ের করে তদন্তকারী সংস্থাকে হয়রানি করায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা করেছে দুদক।
দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর বাদি হয়ে গতকাল বুধবার বিকেলে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন।
মামলার এজাহারের উদ্ধৃতি দিয়ে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার জানান, একই কলেজের সহকারী অধ্যাপক (বাংলা) আবুল হোসেনের বিরুদ্ধে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি তহবিল থেকে ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করেন একই কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমা। দুদক অভিযোগ আমলে নিয়ে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে তদন্ত সংস্থাগুলোকে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮ (গ) ধারায় মামলাটি দায়ের করে।