অন্যান্য বছরগুলোতে বর্ণিল আয়োজনে বিশ্ব দর্শন দিবস পালন করা হলেও বৈশ্বিক করোনা মহামারীর কারণে এ বছর ততটা রঙ পাচ্ছে না অনুষ্ঠানটি। তবে বাদ যাবে না এ উপলক্ষে করা আয়োজন। আজ বৃহস্পতিবার দিবসটি উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ। তবে করোনার (কোভিড-১৯) কারণে এবারের বিশ্ব দর্শন দিবস ২০২০-এর আয়োজন করা হয়েছে অনলাইনে। এ উপলক্ষে যৌথভাবে এক ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। এ আয়োজনে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) দর্শন বিভাগ, গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র, নৈতিক উন্নয়ন কেন্দ্র ও দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
দিবসটি উপলক্ষে রয়েছে ওয়েবিনার ও স্মরণিকা প্রকাশ। ১৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় বিশ্ব দর্শন দিবস ওয়েবিনার অনুষ্ঠিত হবে। সামাজিক যোগাযোগমাধ্যম জুমে এর আয়োজন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান।
এতে ‘সংক্রামক ব্যাধি ও ব্যক্তি রোগীর অবস্থান : জীবনী নীতিবিদ্যা বনাম জনস্বাস্থ্য নীতিবিদ্যা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাবির দর্শন বিভাগের অধ্যাপক ড. নাইমা হক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো: দেলোয়ার হোসেন।
স্বাগত ভাষণ প্রদান করবেন নৈতিক উন্নয়ন কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. কাওসার মুস্তাফা আবুলউলায়ী। শুভেচ্ছা বক্তব্য দেবেন অধিভুক্ত সাত কলেজের পক্ষে ইডেন কলেজের দর্শন বিভাগের প্রধান অধ্যাপক ফাহমিদা রাব্বি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহফুজা রহমান চৌধুরী বাবলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশীদ।
এ ছাড়াও দিবসটিকে তাৎপর্যপূর্ণ করতে অধ্যাপক নূরুজ্জামানের সম্পাদনায় বিশ্ব দর্শন দিবস ২০২০ স্মরণিকা প্রকাশিত হবে।
এ দিকে বিশ্ব দর্শন দিবস উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের বিতার্কিকদের সংগঠন ‘দর্শন বিতর্ক ধারা’।