হাজারো মানুষের ভালোবাসায় চিরবিদায় নিলেন ভাষাসৈনিক, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো: জাহিদ হোসেন মুসা মিয়া। গতকাল বুধবার বাদ জোহর ঝিনাইদহ কেন্দ্রীয় ওয়াজীর আলী হাইস্কুল অ্যান্ড কলেজ ঈদগাহ ময়দান মাঠে তার নামাজে জানাজা সম্পন্ন হয়।
কানায় কানায় পূর্ণ মাঠে জাহিদ হোসেন মুসা মিয়ার জ্যেষ্ঠ পুত্র ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বিএনপির সাবেক সংসদ সদস্য মশিউর রহমান, সদর থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমানসহ বিভিন্ন সংগঠন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার হাজার হাজার মানুষ নামাজে জানাজায় অংশগ্রহণ করেন। এর আগে মরহুম জাহিদ হোসেন মুসা মিয়াকে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পমাল্য অর্পণ করে বিভিন্ন সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষ। নামাজে জানাজা শেষে গতকাল বুধবার বিকেলে পৌর এলাকার মুসা মিয়া সড়কস্থ মহিষাকুণ্ডু গ্রামের পারিবারিক কররস্থানে তাকে দাফন করা হয়।



