নীলফামারীর ডিমলা উপজেলা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত হয়েছেন ভারতীয় গরু পাচারকারী দলের সদস্য সামসের প্রামানিক (১৯)।
তিনি ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অন্তর্গত ২৫ নাম্বার তিস্তা পয়স্তি চর এলাকার আকাজুদ্দিন প্রমানিকের ছেলে।
বৃহস্পতিবার দুপুরের দিকে ডিমলা উপজেলার সীমান্তবর্তী পশ্চিম ছাতনাই গ্রামে গুজব ছড়িয়ে পড়ে বিএসএফের গুলিতে বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন। সন্ধ্যার পর পর্যন্ত খবর নিয়ে জানা যায়, নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক ও গরু পাচারকারী দলের একজন সদস্য।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, শীতের রাতে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ভোজলি পাড়া বিওপির অন্তর্গত সীমান্তে কাটাতারের বেড়া কেটে বাংলাদেশে গরু পাচার চেষ্টা চালায়। এ সময় ভারতের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ গুলি চালায়। এতে ঘটনাস্থলের তিনি নিহত হন।
এ বিষয়ে মোবাইল ফোনে ডিমলা উপজেলার বালাপাড়া বিওপির বিজিবির সুবেদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে কথা বলতে হলে সিও স্যারের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া কোনো কথা বলতে পারবো না।



