পাঁচ লাখ টাকার মুক্তিপণের দাবিতে ব্যবসায়ীকে অপহরণের তিন ঘণ্টার মধ্যে মুক্তিপণের টাকাসহ দুই অপহরণকারীকে গ্রেফতার করেছে জিএমপির টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, মেরাজ (২৮) ও মানিক (২৪)।

অপহৃত ব্যবসায়ীর নাম সোহাগ মিয়া (২৮)। তিনি টঙ্গীর সাতাইশ রোডের শ্রাবণ টেলিকম প্রতিষ্ঠানের মালিক।

টঙ্গী পশ্চিম থানা সূত্রে জানা যায়, ব্যবসায়ী সোহাগ মোবাইলের যন্ত্রাংশ কেনার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর হোসেন মার্কেটে যাচ্ছিলেন। পথে গাজীপুরা বাসস্ট্যান্ডে পৌঁছলে অজ্ঞাতনামা কয়েকজন তাকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এরপর তার স্বজনদের কাছে পাঁচ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।

এ সময় অপরদিক থেকে অপহরণকারীরা ব্যবসায়ী সোহাগের কান্না ও আকুতির শব্দ তার স্বজনদের শোনায়। এতে সোহাগের বাবা ছেলের জীবন রক্ষায় তাৎক্ষণিকভাবে বিকাশে ২০ হাজার ছয় শ’ টাকা পাঠান। এরপরও তাকে মারতে থাকে অপহরণকারীরা। মোবাইলে তার কান্নার আওয়াজ শুনে স্বজনরা মুক্তিপণের টাকা যোগাড় করার জন্য চেষ্টা করেন। পরে টাকা যোগাড় করতে ব্যর্থ হয়ে সোহাগের স্বজনরা টঙ্গী পশ্চিম থানায় গিয়ে পুলিশের সহযোগিতা চান।

টঙ্গী পশ্চিম থানার এসআই হাসানুজ্জামান জানান, জিএমপি ডিসি (দক্ষিণ) ইলতুৎমিশের নেতৃত্বে তারা ভিকটিককে উদ্ধারের জন্য বৃহস্পতিবার রাতে অভিযানে নামেন। গভীর রাতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তিনি জিএমপির গাছা থানার কুনিয়া পাছর এলাকা থেকে অপহরণকারী চক্রের দুই সদস্য মেরাজ ও মানিককে গ্রেফতার করেন।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়। পরেবিকাশে দেয়া মুক্তিপণের টাকা, লুণ্ঠিত দু’টি মোবাইল সেট ও অপহৃত ব্যবসায়ী সোহাগকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা হয়েছে।