গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা মো: হাসান উদ্দিন সরকার বলেছেন, ষড়যন্ত্রকারীরা তারেক রহমানকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু রাখে আল্লাহ মারে কে? তাকে বাঁচিয়ে রাখার পেছনে মহান আল্লাহর হয়তো বড় কোনো উদ্দেশ্যে রয়েছে। তিনি সবাইকে ঈমানের সাথে মৃত্যুবরণের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, কোয়ান্টিটির (সংখ্যাধিক্যের) দরকার নেই, দরকার কোয়ালিটির (গুণের-মানের)।
তিনি গতকাল শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির উদ্যোগে শহরের রাজবাড়ী রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত ওই দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য দেন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো: সোহরাব উদ্দিন। সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির সহসভাপতি আনোয়ারুল ইসলাম, জৈনুদ্দিন মোড়ল, বাসন থানা বিএনপির সভাপতি বসির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোসলেম উদ্দিস চৌধুরী মূসা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, গাছা থানা বিএনপির সভাপতি ফারুক হোসেন খান, মোয়াজ্জেম হোসেন লিটন, হাজী শেখ লিটন, জিল্লুর রহমান মাসুম, সামসুদ্দোহা সরকার তাপস, আকবর হোসেন ফারুক, অ্যাডভোকেট আব্দুল হালিম প্রমুখ।
কাশিমপুর থানা বিএনপির আলোচনা ও দোয়া মাহফিল : অপর দিকে নগরীর কাশিমপুর থানা বিএনপি তারেক রহমানের ৫৬তম জন্মদিন উপলক্ষে পৃথক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কাশিমপুর থানা বিএনপির সভাপতি সাবেক কাশিমপুর ইউপি চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কাশিমপুর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক আব্দুর রহিম মিয়া, এনায়েত হোসেন মোল্লা, মো: আনোয়ার হোসেন মৃধা, এস এম সাইফুল ইসলাম শাহীন, কে এম হাফিজুর রহমান রাজু প্রমুখ।