রামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ মো: বদরোদ্দৌজা (৮০) গত শনিবার সন্ধ্যায় রামগঞ্জ পৌর শহরের রতনপুরের ভাড়া বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। গতকাল রোববার সকালে প্রথম নামাজে জানাজা রামগঞ্জ সাব রেজিস্ট্রি অফিস জামে মসজিদ ঈদগা মাঠে ও দ্বিতীয় নামাজে জানাজা বাড়ী পৌর জগতপুর গ্রামের শেখের বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
নামাজে জানাজার আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন রশিদের নেতৃত্বে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা শেখ মো: বদরোদ্দৌজার লাশকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানায়। শেখ মো: বদরোদ্দৌজা স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন (জাসাস) সভাপতি ড. মামুন আহম্মেদ, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইমাম হোসেন রামগঞ্জ আসনের সংসদ সদস্য ড. আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আহম্মেদ, লক্ষ্মীপুর জেলা বিএনপি, রামগঞ্জ উপজেলা বিএনপি, উপজেলা আওয়ামী লীগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয়পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীলসমাজের ব্যক্তিরা।