ত্রিশালে অপহ্নহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করেছে পিবিআই ময়মনসিংহ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পিবিআই ময়মনসিংহ প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
মামলার সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার পাটুলী গ্রামের পাটুলী গ্রামস্থ এম এ খালেক মহিলা মাদরাসায় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী হাফসা আক্তারকে (১৫) মাদরাসায় যাওয়া আসার পথে বিয়ারা গ্রামের ফজলুল হকের ছেলে হাফিজুর রহমান উত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিতো।
হাফসা বিষয়টি তার বাবা-মাকে জানালে তার বাবা হাফেজ হোসাইন স্থানীয় চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিকট অভিযোগ দেন। কিন্তু তারা হাফিজুরের বিচার করতে ব্যর্থ হয়। বিবাদি হাফিজুরের বিরুদ্ধে অভিযোগ দেয়ায় সে আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং হাফসাকে অপহরণ করার পরিকল্পনা করতে থাকে। গত ১৭ আগস্ট বিকেল ৫টায় হাফিজুর রহমান হাফসা আক্তারকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। হাফেজ হোসাইন তার মেয়ে হাফসা আক্তারকে খোঁজাখুঁজি করে না পেয়ে আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে গত ০৮/০৯/২০২০ খ্রিঃ পিবিআই, ময়মনসিংহ জেলা মামলার তদন্তভার গ্রহণ করে।
পিবিআই, মামলা তদন্তকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে হাফিজুর রহমান হাফসাকে নিয়ে তার বাড়িতে এসেছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত সোমবার ত্রিশালের বিয়ারা গ্রামস্থ হাফিজুর রহমানের বাড়ি হতে বেলা ৩টায় হাফসা আক্তারকে উদ্ধার করে পরে জবানবন্দী লিপিবদ্ধ করার জন্য হাফসাকে আদালতে পাঠায়।