টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি ও প্রতারণায় জড়িত সঙ্ঘবদ্ধ চক্রের মূল হোতা নজরুল ইসলাম ও তার এক সহযোগী আব্দুর রবকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। তাদের গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ।
স্থানীয়রা জানান, নজরুল দীর্ঘ দিন ধরে এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও এলাকার নিরীহ লোকজনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল। কেউ এলাকায় জমি কিনলে বা বাড়ি করলে সে দলবল নিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করত। চাঁদা না দিলে বিভিন্নভাবে হয়রানি করত। নারীদের ওপরও অত্যাচার চালাত। ভুক্তভোগীরা গতকাল থানায় পুলিশ কর্মকর্তাদের কাছে এসব ঘটনার বর্ণনা দিয়ে কান্নায় ভেঙে পড়েন।
ভুক্তভোগী হাসিনা বেগম জানান, নজরুল নিজেকে কখনো এশিয়ান টিভি ও কখনো বিজয় টিভিসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক পরিচয় দিত। সে এলাকায় আচার বিক্রেতা থেকে শুরু করে মাদককারবারি ও সন্ত্রাসীদেরও সাংবাদিকতার কার্ড বানিয়ে দিয়েছে। বাবু, হাসান, রবিন, রিফাত, রবিউলসহ নাম না জানা আরো অনেক ভুয়া সাংবাদিক আছে তার দলে। এরা দলবদ্ধ হয়ে বিভিন্ন বাসাবাড়ি ও কলকারখানায় চাঁদার জন্য হানা দেয়। তার (হাসিনার) ভগ্নিপতি মারুফকেও সাংবাদিকতার কার্ড এনে দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। কথিত সাংবাদিক নজরুল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও থানা পুলিশের সোর্সদের নিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছে। ‘সাংবাদিকের অফিস’ নামে তাদের আস্তানায় বসে পুলিশ সদস্যদেরও আড্ডা দিতে দেখা যায়। তাদের কেউ চাঁদা না দিলে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে এমনকি কখনো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়। এই চক্রের অত্যাচার-নির্যাতন, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় বাড়িওয়ালারা গত বৃহস্পতিবার রাত ৯টায় রসুলবাগের আচার পট্টিতে জরুরি আলোচনা সভার আয়োজন করেন।
আলোচনা চলাকালে কথিত সাংবাদিক নজরুলের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে সভায় হামলা চালায়। হামলার সময় স্থানীয়দের সিসি টিভির ফুটেজে কথিত সাংবাদিক নজরুলকে একটি লম্বা ছোড়া হাতে নিয়ে তৎপর দেখা গেছে। হামলায় সেখানে বেশ কয়েকজন বাড়িওয়ালা আহত হন। এই হামলায় ক্ষুব্ধ এলাকাবাসী সঙ্ঘবদ্ধ হয়ে চারদিক ঘেরাও দিয়ে নজরুল ও তার সহযোগী আব্দুর রবকে ধরে পুলিশে সোপর্দ করে। এলাকাবাসীর ধাওয়া খেয়ে বাকিরা পালিয়ে যায়।
এ দিকে সন্ত্রাসী হামলায় আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুল মান্নান দেওয়ান বাদি হয়ে টঙ্গী পূর্ব থানায় মামলা করেছেন। মান্নান দেওয়ান জানান, নজরুল সাংবাদিক পরিচয়ে দলবল নিয়ে তার কারখানায় ঢুকে তার মাথায় অস্ত্র ঠেকিয়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল। জিএমপি দক্ষিণের এডিসি শাহাদাৎ হোসেন জানান, এলাকার প্রত্যেক ভুক্তভোগীর জবানবন্দী রেকর্ড করা হয়েছে। মামলায় দুই আসামিকে গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি : ২ জনকে পুলিশে সোপর্দ
টঙ্গীতে সাংবাদিক পরিচয়ে ব্যাপক চাঁদাবাজি ও প্রতারণায় জড়িত সঙ্ঘবদ্ধ চক্রের মূল হোতা নজরুল ইসলাম ও তার এক সহযোগী আব্দুর রবকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।...



