গাজীপুরে আদালতপাড়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির আত্মঘাতী বোমা হামলার ১৫তম বছর উপলক্ষে গতকাল রোববার শোক র্যালি, শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আইনজীবী সমিতি কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাজীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুস ছোবহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির উদ্দিন আহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র অ্যাডভোকেট মো: জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো: আজমত উল্লা খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম, জি পি আমজাদ হোসেন বাবুল, গাজীপুর বারের সাবেক সভাপতি ড. সহিদউজ্জামান প্রমুখ।
এর আগে সকাল ৯টায় গাজীপুর সিনিয়র জেলা দায়রা জজ মমতাজ বেগম, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর সরকারি আইন কর্মকমিশন, বাংলাদেশ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ গাজীপুর শাখা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, গাজীপুর শাখা শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
২০০৫ সালের ২৯ নভেম্বর গাজীপুর জেলা আইনজীবী সমিতিতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক আত্মঘাতী বোমা হামলায় ৪ আইনজীবী, ৪ বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হয়। এ ঘটনায় আরো অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী আহত হন। পরে আহত অবস্থায় আরো একজন আইনজীবী মারা যান। নিহত আইনজীবীরা হলেনÑ আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: আমজাদ হোসেন, অ্যাডভোকেট আনোয়ারুল আজিম, অ্যাডভোকেট নুরুল হুদা, অ্যাডভোকেট গোলাম ফারুক অভি ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন মাখন।
নিহত বিচারপ্রার্থীরা হলেনÑ আব্দুর রউফ, বশির মেম্বার, শামসুল হক ও মর্জিনা বেগম। আত্মঘাতী জঙ্গির নাম শরিয়ত উল্লাহ ওরফে আসাদুল ইসলাম।