কক্সবাজারের বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর মোশতাক আহমদ (৮০) আর নেই। গত মঙ্গলবার রাত ১১টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালের আইসিইউতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। কক্সবাজারের রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামের ক্ষণজন্মা এই ব্যক্তি জেলা সাহিত্য-সংস্কৃতি, শিক্ষা ও বুদ্ধিবৃত্তিকচর্চার বাতিঘর হিসেবে খ্যাত ছিলেন এবং সব মহলের শ্রদ্ধা ও ভালোবাসা অর্জন করেন। তিনি ১৯৪০ সালের ৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন। ১৯৫৫ সালে রামু খিজারী হাইস্কুল থেকে ম্যাট্রিক পাস করার পর চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং ১৯৬৩ সালে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৫ সালে তিনি পিসিএস শিক্ষা ক্যাডারে নির্বাচিত হয়ে ঢাকা সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরে তিনি পর্যায়ক্রমে সাতকানিয়া সরকারি কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, হুলাইন ছালেহ নূর কলেজ, কক্সবাজার সরকারি কলেজ এবং সর্বশেষ রামু কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সংগ্রাম কমিটির নেতৃত্ব দেন এবং পরে তিনি ন্যাশনাল আওয়ামী পার্টিতে (ন্যাপ মোজাফফর) যোগ দেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তিনি ১৯৯৮ সালে কক্সবাজার জেলা শ্রেষ্ঠ অধ্যক্ষ, ২০০৩ সালে চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, ২০০৩ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কৃতী শিক্ষাবিদ পুরস্কার এবং সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য কক্সবাজার সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেন। তিনি কক্সবাজারের ইতিহাসসহ অসংখ্য গ্রন্থ রচনার পাশাপাশি অসংখ্য গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছেন। শিক্ষা ও সাহিত্যে বিরল প্রতিভাধর এ ব্যক্তিত্ব সংসার জীবনে স্ত্রী, এক ছেলে, পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার রামু খিজারী হাইস্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে কক্সবাজারের বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে।