শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে আসার পথে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে একটি ডাম্ব ফেরি ডুবে গেছ। ডোবার আগে চালকের দক্ষতায় ২২টি যানবাহন ও কয়েক শ’ যাত্রী নিরাপদে ঘাটে নেমে যেতে পেরেছে। ফেরিটি বাংলাবাজার ঘাটের বিপরীত প্রান্তের চরের নিরাপদে পৌঁছানোর আগেই ডুবে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফেরিটি উদ্ধারে বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ নির্ভিক রওনা করেছে।
বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, রোববার রাত ১২টার দিকে ডাম্ব ফেরি রানীগঞ্জ শিমুলিয়া ঘাট থেকে সাতটি বাস ও সাতটি ট্রাকসহ ২২টি যানবাহন নিয়ে শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা করে। এ সময় নদীতে প্রচণ্ড ঘনকুয়াশা ছিল। ফেরিটি পদ্মা সেতু পার হওয়ার পর ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যায়। তলা ফেটে নিচ দিয়ে অস্বাভাবিক হারে পানি ঢুকতে থাকলে ফেরির স্টাফরা লেপ তোষক ও বালুর বস্তা দিয়ে পানি ঠেকানোর চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় ফেরির মাস্টার দ্রুত ফেরিটি বাংলাবাজার ঘাটে নিয়ে কোনোমতে যানবাহন ও যাত্রী নামায়। এ সময় শিবচর ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্যালো মেশিন দিয়ে পানি নিষ্কাশনের চেষ্টা করেও কোনো কাজ হয়নি। পরে ফেরিটি নিরাপদ দূরত্বে নেয়ার সময় বাংলাবাজার ঘাটের বিপরীত প্রান্তে ভোররাতে ডুবে যায়। সকালে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান নিয়ে ডুবুরি নিয়ে ফেরিটি সনাক্ত করেন। তবে চরের কাছে ফেরিটি ডোবায় ও মূল চ্যানেল মুক্ত থাকায় ফেরিসহ নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফেরিটির মাস্টার ফজলুল করিম বলেন, নদীতে ঘনকুয়াশা ছিল। চ্যানেলও সরু। ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে প্রচণ্ড গতিতে পানি ঢুকতে থাকে। আমরা তাৎক্ষণিকভাবে বালুর বস্তা ও লেপসহ বিভিন্নভাবে পানি ঠেকানোর চেষ্টা করি। কিন্তু কাজ হচ্ছিল না। তাই যাত্রী ও যানবাহনগুলো বাঁচাতে দ্রুত ফেরি চালিয়ে বাংলাবাজার ঘাটে পৌঁছাই। আল্লাহর রহমত যাত্রী ও গাড়িগুলোর কোনো ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিস এসেও পানির সাথে পেরে ওঠেনি। তাই নিরাপদে চরে তুলতে গিয়ে ডুবে যায়।
বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের জেনারেল ম্যানেজার খন্দকার মহিউদ্দিন আহমেদ বলেন, ফেরি মাস্টারের দক্ষতায় শত শত যাত্রী ও ২২টি যানবাহন রক্ষা পেয়েছে। আমরা ফেরিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি পানিতে তলিয়ে থাকা ড্রেজারের পাইপের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।
বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক আব্দুল মতিন বলেন, ফেরিটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ নির্ভীক রওনা দিয়েছে। তবে ঘনকুয়াশার কারণে আসতে বিলম্ব হতে পারে।