নির্বাচনের তফসিল ঘোষণার পর বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনের প্রচারনা শুরু হয়েছে। মেয়র পদে দলীয় মনোনয়ন লাভের প্রত্যাশায় মাঠ গরম করছেন আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির ১০ জন সম্ভাব্য প্রার্থী বিভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এরই মধ্যে উৎসবমুখর পরিবেশে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিতরণ ও ১ নভেম্বর তা সংগ্রহ করেছে দলটি। এ ছাড়া আওয়ামী লীগের প্রত্যাশীরা মনোনয়নের আশায় উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে নেতাদের কাছে দৌড়ঝাঁপ শুরু করেছেন।
নির্বাচন অফিস জানায়, আগামী ১৬ জানুয়ারি দ্বিতীয় দফায় সান্তাহার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বুধবার নির্বাচন কমিশন এ তফসিল ঘোষণা করে। সান্তাহার পৌরসভায় এবার ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেনÑ সান্তাহার পৌরসভার বর্তমান প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জার্জিস আলম রতন, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আনছার আলী, সান্তাহার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু, জেলা পরিষদের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ এস এম জাহিদুর বারী, আদমদীঘি উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম রাজা, বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন জাতীয়তাবাদী নির্মাণশ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক লায়ন ফরিদ আহমেদ, বর্তমান মেয়র ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি ফিরোজ কামরুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিউর রহমান টিটু ও জাতীয় পার্টি থেকে সান্তাহার পৌর জাপার সভাপতি আবদুল লতিফ।
সর্বশেষ নির্বাচন হয় ২০১৫ সালের ৩০ ডিসেম্বর। সে নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রাশেদুল ইসলাম রাজাকে হারিয়ে নির্বাচিত হন বিএনপি মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু। শুধু তা-ই নয়, কাউন্সিলর পদেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদের পেছনে ফেলতে সক্ষম হন বিএনপি সমর্থিত প্রার্থীরা।