জামালপুরের বকশীগঞ্জে পুলিশের পরিচয়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক নির্মাণ শ্রমিককে অপহরণ ও মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। তিনি মৃত নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে রফিককে পুলিশ পরিচয়ে অপহরণ করে বাড়িতে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তিন যুবক। উপায়ন্তর না দেখে রফিকুল ইসলাম পাশেই দশানী নদীতে ঝাঁপ দেন এবং কৌশলে সাঁতার কেটে পালিয়ে যান।
গ্রেফতারকৃতরা হলো বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (২৬), নিলক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দিবারুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) ও মিধাপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (২০)।
বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, এ ঘটনায় থানায় একটি অপহরণ মামলা হয়েছে এবং গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে।