দিনাজপুরের নবাবগঞ্জে অস্থির হয়ে উঠেছে চালের বাজার। বাজারে নতুন ধান উঠলেও কমেনি চালের দাম। প্রতিবছর নতুন ধান ওঠার সাথে সাথে চালের দাম কমলেও ধান উৎপাদন খ্যাত নবাবগঞ্জে এবার বাজারের উল্টো দেখা গেছে। নতুন ধান ওঠার পরও বাজারে বেড়েছে চালের দামের।

চাল বিক্রেতারা বলছেন, নতুন ধান উঠলেও মিল মালিকরা দাম বাড়িয়ে দেয়ায় বাজারে চালের দাম বেড়েছে।

এদিকে মিল মালিকরা বলছে, বাজারে ধানের দাম বেশি থাকার কারণে ধানের দামের সাথে সামঞ্জস্য রেখে চালের দাম বাড়ানো হয়েছে। তবে চালের মূল্য সহনশীল বলে দাবি করেন মিল মালিকেরা।

নবাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া সরেজমিনে গিয়ে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে ৫০ কেজির মিনিকেট চালের বস্তা ২৬ শ’ টাকা বেড়ে ২৮ শ’ টাকা, স্বর্ণা চাল প্রতি বস্তা ২২ শ’ টাকা থেকে বেড়ে ২৩ শ’ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি চালের দাম বেড়েছে পাঁচ থেকে সাত টাকা। এই দাম বৃদ্ধিতে বিপাকে পড়েছেন ভোক্তারা। বিশেষ করে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছেন।

বাজারে চাল কিনতে কয়েক জন ভ্যান চালক জানান, ‘দিনে যা উপার্জন করি, তা চাল কিনতে শেষ হয়ে যায়। লবণ, তেল, তরকারি কেনার টাকা থাকে না। আবার তরকারির দামও বেশি।’

তারা জানায়, এই অবস্থা চলতে থাকলে পরিবার-পরিজন নিয়ে আমাদের হিমশিম খেতে হবে। শুধু খেটে খাওয়া দিন মজুরই নয় শ্রমজীবী, চাকরিজীবী ও ব্যবসায়ী যারা সারা বছর যাদের চাল কিনতে হয় তাদের অবস্থাও একই।