বিএনপির কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি তার মানে এই নয়, দিল্লির গোলামি মেনে নেব। এবার আমাদেরকে আরেকটি সংগ্রাম করতে হবে, সেটি হবে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সর্বশেষ গাজীপুরের ঐতিহাসিক দাউদের মাঠে (ছয়দানা মালেকেরবাড়ি) সংঘটিত সম্মুখযুদ্ধে পাক হানাদারমুক্ত করার স্মৃতিচারণ ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোমবার দুপুরে দোয়া অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ দিন সর্বশেষ দাউদের মাঠের সম্মুখসমরে নেতৃত্ব দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। প্রতি বছর ওই স্থানে যুদ্ধের স্মৃতিচারণের জন্য আয়োজিত অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকারকে প্রধান অতিথি করা হয়।

হাসান সরকার আরো বলেন, রাজনীতি করতে বেশি চর্চা লাগে না। আমরা রাজনীতিতে ঘৃণিত জীবন মেনে নেব, নাকি নন্দিত জীবন বেছে নেব এই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে। নন্দিত জীবন বেছে নিতে চাইলে লড়াই-সংগ্রাম, জেল-জুলুম ও সত্যের পথে জীবনকে উৎসর্গ করতে হবে।

তিনি সরকারকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহবান জানিয়ে বলেন, জনগণকে ভোট দেবার অধিকার ফিরিয়ে দিন। মানুষ আর এখন ভোট কেন্দ্রে যায় না। দেশের উন্নয়ন ও দান-খয়রাত হচ্ছে জনগণের টাকায়। কারোর বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে সে টাকায় উন্নয়ন হচ্ছে না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে। একজন কৃষক কুদাল কিনলেও সেখানে টেক্স আছে। দেশের সম্পদে সকলেরই অবদান ও অংশীদারিত্ব আছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাসান জাকির তুহিন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহরাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তৃতায় হাসান জাকির তুহিন বলেন, সেই দিন আর বেশি দূরে নয়; যারা গণতন্ত্রকে হত্যা করেছে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। ডা: মাজহারুল আলম বলেন, এবারের সংগ্রাম হবে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, বেগম জিয়ার মুক্তির সংগ্রাম, তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার সংগ্রাম।

মো: সোহরাব উদ্দিন বলেন, আওয়ামী লীগ নামের শকুন বাংলার আকাশে অবস্থান করছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এবং অর্থনৈতিক মুক্তির জন্য এই শকুনকে তাড়াতেই হবে।

গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাশিমপুর থানা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, মহানগর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা আব্দুল করিম, হাজী আব্দুস সামাদ, হাজী আবুল কাশেম, নজরুল ইসলাম মোড়ল, রাতুল সরকার, নাজমুল হাসান নাঈম, আবুল হাসেম, ইউসুফ সরকার, জাহাঙ্গীর মোল্লা, বেলায়েত হোসেন, আজিজুর রহমান প্রমুখ।