বিএনপির কেন্দ্রীয় সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, পিন্ডির দাসত্ব থেকে মুক্তি পেয়েছি তার মানে এই নয় দিল্লির গোলামি মেনে নেব। এবার আমাদেরকে আরেকটি সংগ্রাম করতে হবে, সেটি হবে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম।
১৯৭১ সালের ১৪ ডিসেম্বর সর্বশেষ গাজীপুরের ঐতিহাসিক দাউদের মাঠে (ছয়দানা মালেকের বাড়ি) সংঘটিত সম্মুখযুদ্ধে পাক হানাদারমুক্ত করার স্মৃতিচারণ ও শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গতকাল সোমবার দুপুরে দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন সর্বশেষ দাউদের মাঠের সম্মুখসমরে নেতৃত্ব দিয়েছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার। প্রতি বছর ওই স্থানে যুদ্ধের স্মৃতিচারণের জন্য আয়োজিত অনুষ্ঠানে হাসান উদ্দিন সরকারকে প্রধান অতিথি করা হয়।
তিনি সরকারকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে বলেন, জনগণকে ভোট দেয়ার অধিকার ফিরিয়ে দিন। মানুষ আর এখন ভোট কেন্দ্রে যায় না। দেশের উন্নয়ন ও দান-খয়রাত হচ্ছে জনগণের টাকায়। কারোর বাপ-দাদার সম্পত্তি বিক্রি করে সে টাকায় উন্নয়ন হচ্ছে না। জনগণের ভ্যাট-ট্যাক্সের টাকায় উন্নয়ন হচ্ছে। দেশের সম্পদে সবারই অবদান ও অংশীদারিত্ব আছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সদস্য সচিব হাসান জাকির তুহিন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা: মাজহারুল আলম, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সোহরাব উদ্দিন।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ফারুক হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, কাশিমপুর থানা বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার, বাসন থানা বিএনপির সভাপতি বশির আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মূসা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শাহীন, বিএনপি নেতা আব্দুল করিম, হাজী আব্দুস সামাদ, হাজী আবুল কাশেম, নজরুল ইসলাম মোড়ল, রাতুল সরকার, নাজমুল হাসান নাঈম, আবুল হাসেম, ইউসুফ সরকার, জাহাঙ্গীর মোল্লা, বেলায়েত হোসেন, আজিজুর রহমান প্রমুখ।