কুষ্টিয়ায় সাংবাদিক পেটানো মামলায় ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে আলমডাঙ্গার শহরের বাবু পাড়ার আবু তালেব মাস্টারের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। দিপ্ত টেলিভিশনের কুষ্টিয়া প্রতিনিধি দেবেশচন্দ্র সরকার ও ক্যামেরাপারসন হারুন অর রশিদের ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে জালিয়াতির করে জমি দখলের অভিযোগ রয়েছে।
জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে শনিবার কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন কুষ্টিয়া শহরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচি শেষে জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদ আহমেদের নেতৃত্বে সন্ধ্যায় জেলা বিএনপি অফিস ভাঙচুর করা হয়। পরে শহরের মজমপুর গেটে অবিস্থত জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোরাবউদ্দিনের ব্যবসায়িক প্রতিষ্ঠান এসবি কাউন্টারে তাণ্ডব চালানো হয়। সে সময় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক দেবেশচন্দ্র সরকার ও হারুন অর রশিদের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় ৬ ডিসেম্বর কুষ্টিয়া মডেল থানায় দেবেশচন্দ্র বাদি হয়ে সাদ আহমেদকে প্রধান আসামি করে মামলা করেন।