ভৈরব-কিশোরগঞ্জ সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরো তিনজন।

বৃহস্পতিবার দুপুরে ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়নের নয়াহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেন, অটোরিকশার চালক কিশোরগঞ্জের নিকলি উপজেলার মৃত সাহেদ আলীর ছেলে খালেক (৪৫), একই উপজেলার জালালপুর গ্রামের নবী হোসেনের ছেলে ইসমাইল (৩২) ও মজলিসপুর গ্রামের নুরালী মিয়ার ছেলে ফরিদ মিয়া (৩৩)। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে একটি সিএনজিচালিত আটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ভৈরব যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হন। আর বাকি দু’জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আহতরা বর্তমানে ভৈরব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার সুমাইয়া জানান, হাসপাতালে পাঁচজনকে আনার পর দু’জন মারা যান। আর গুরুতর আহত তিনজনকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

ভৈরব হাইওয়ে থানার ওসি মো: মামুনুর রহমান জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করেছে। একজনের লাশ থানায় পাঠানো হয়েছে। আহতদের পরিচয় পাওয়া গেলেও নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।