নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের এ অভিযানে আট শতাধিক দোকান তুলে দেয়া হয়।
নারায়ণগঞ্জ সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জনবহুল এলাকা শিমরাইল মোড়ে রাস্তা দখল করে গড়ে ওঠে বিভিন্ন দোকানপাট। অবৈধভাবে গড়ে ওঠা এসব দোকানের কারণে প্রায় সময় মহাসড়কে যানজট লেগে থাকে। অনেক সময় মহাসড়কের যানজট খুবই দীর্ঘ হয়। এতে করে ভোগান্তিতে পড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা।
সওজের প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাত, মার্কেটের সামনে অবৈধ দোকানগুলোর কারণে পরিবহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল বিধায় আট শতাধিক কাঁচা-পাকা দোকানে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’






