তা’মীরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে তথা সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকতা পেশাকে ইবাদাত হিসেবে বেছে নিতে হবে। শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরো এগিয়ে যাবে।
তিনি বলেন, মাদরাসায় ইবাদত হিসেবে দায়িত্ব পালন করছি। যতদিন বেছে থাকবো দ্বীনের দাওয়া হিসেবে কাজ করে যাব।
তিনি আরো বলেন, ‘যে মহৎ উদ্দেশ্য নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা প্রতিষ্ঠা হয়েছে সংশ্লিষ্ট সকলকে ওই উদ্দেশ্যে ঈমানী দায়িত্ব পালন করতে হবে। কেউ ওই উদ্দেশ্যে সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা অথবা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্যে কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা ওই দিকে সবাইকে খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসাকে সদকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাই। যত বিপদ-মুসিবত আসুক না কেন সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদেরকে ইকামতে দ্বীনের পথে থাকতে হবে।’
রোববার টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অ্যাসাইনমেন্ট মূল্যায়ন-২০২০’ পর্যালোচনা সভায় মাদরাসার সকল শিক্ষক অংশ নেন।
পর্যালোচনায় সংশ্লিষ্ট শিক্ষকরা মাদরাসার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের অংশ গ্রহণ ও তাদের অর্জিত মানসহ অন্যান্য বিষয়ের অগ্রগতি সভায় তুলে ধরেন।
সার্বিক অগ্রগতিতে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে শিক্ষকদেরকে আরো যত্নশীল ও অ্যাসাইনমেন্ট কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের ভর্তি কার্যকম পরিচালনার পরামর্শ দিয়ে বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে এবার পর্যায়ক্রমে শ্রেণীভিত্তিক সাক্ষাতকারের মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে।



