গাজীপুর মহানগরীর টঙ্গীর ইসলামপুর (দত্তপাড়া) জহির মার্কেট এলাকায় একটি চারতলা বাড়িতে অগ্নিকাণ্ডে চারজন আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেনÑ শিউলি বেগম (৫৫), ছেলে শোভন (৪০), ছেলের বউ খোদেজা (৩৫) এবং ভাতিজা বুঙ্গা (১৮)।
জানা গেছে, গতকাল রোববার ভোর সাড়ে ৪টায় চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দমকল স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণ চেষ্টায় আগুন আয়ত্তে আনে এবং আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এ দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ি এলাকায় বসতবাড়িতে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৩৪টি রুম পুড়ে গেছে।
আগুনে স্থানীয় দেওয়ালিয়াবাড়ি বেলতলা আলম মিয়ার ছয়টি রুম ও কোনাবাড়ি কেন্দ্রীয় মসজিদের পেছনে সম্ভু সরকারের ২৮টি রুম পুরে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।