নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাথের আট শতাধিক দোকানে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগ এ উচ্ছেদ অভিযান চালায়। নারায়ণগঞ্জ সওজ উপবিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত ও উপসহকারী প্রকৌশলী নূরে আলমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জনবহুল এলাকা শিমরাইল মোড়ে সড়ক দখল করে গড়ে উঠে দোকানপাট। অবৈধভাবে গড়ে উঠা এসব দোকানের কারণে প্রায়ই মহাসড়কে যানজট লেগে থাকে। অনেক সময় মহাসড়কের যানজট খুবই দীর্ঘ হয়। এতে করে ভোগান্তিতে পড়ে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রীরা।
সওজের প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাথ, মার্কেটের সামনে অবৈধ দোকানগুলোর কারণে এসব অবৈধ স্থাপনার কারণে পরিবহন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল বিধায় আট শতাধিক কাঁচাপাকা দোকানে আমরা উচ্ছেদ অভিযান চালিয়েছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।



