পূর্বশত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনিতে ছোট ভাইয়ের বসতঘরের সাথে জোরপূর্বক বড় ভাই একটি গোয়ালঘর নির্মাণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গোয়াল ঘরের বর্জ্যরে দুর্গন্ধে বসতঘরে থাকতে না পেরে পরিবার নিয়ে অন্য জায়গায় আশ্রয় নিয়েছেন ছোট ভাই। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ ও জিডি সূত্রে জানা গেছে, উপজেলার সিডি খান এলাকার নতুনচর দৌলত খাঁ গ্রামের এছাহাক খাঁর ছোট ছেলে নান্টু খাঁ দীর্ঘ দিন ধরে তার বাড়িতে আলাদাভাবে একটি টিনশেড বসতঘর তুলে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করে আসছেন। কিন্তু পূর্বশত্রুতার জের ধরে তার বড় ভাই হারুন খা তার বসতঘরের সাথে মিশিয়ে একটি গোয়ালঘর নির্মাণ করেন। সেখানে তিনি কয়েকটি গরু পালন করছেন। গরুর সমস্ত বর্জ্য হারুন খা ছোট ভাইয়ের ঘরের পাশেই জমা রাখছেন। এতে করে বর্জ্যরে দুর্গন্ধে পরিবেশ দূষণে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ায় অসুস্থ হওয়ার আশঙ্কায় বাড়িঘর ফেলে নান্টুর পরিবারের সদস্যরা তার শ্বশুর বাড়ি আশ্রয় নিয়েছেন। এ ঘটনায় কালকিনি থানাসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছেন না নান্টু খাঁ ও তার পরিবার।
অভিযুক্ত হারুন খাঁ বলেন, আমার জায়গায় আমি গোয়াল ঘর তুলেছি। এখন পরিবেশ দূষণ হলে আমার কিছু করার নেই।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।



