তামিরুল মিল্লাত ট্রাস্ট্রের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ যাইনুল আবেদীন বলেছেন, দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনায় সৎ ও যোগ্য নাগরিক তৈরিতে তথা সুশিক্ষিত জাতি গঠনে শিক্ষকতা পেশাকে ইবাদত হিসেবে বেঁছে নিতে হবে। শিক্ষকরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ আরো এগিয়ে যাবে। তিনি বলেন, মাদরাসায় ইবাদত হিসেবে দায়িত্ব পালন করছি। যতদিন বেঁচে থাকব দ্বীনের দাওয়া হিসেবে কাজ করে যাবো। তিনি বলেন, তামিরুল মিল্লাত কামিল মাদরাসাকে সাদাকায়ে জারিয়া হিসেবে রেখে যেতে চাই। যত বিপদ-মুসিবত আসুক না কেন সব চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের ইকামতে দ্বীনের পথে থাকতে হবে।
তিনি রোববার টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত অ্যাসাইনমেন্ট মূল্যায়ন পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। টঙ্গী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অ্যাসাইনমেন্ট মূল্যায়ন-২০২০’ পর্যালোচনা সভায় মাদরাসার সব শিক্ষক অংশ নেন। পর্যালোচনায় সংশ্লিষ্ট শিক্ষকরা মাদরাসার প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের অর্জিত মানসহ অন্যান্য বিষয়ের অগ্রগতি সভায় তুলে ধরেন। সার্বিক অগ্রগতিতে প্রধান অতিথি সন্তোষ প্রকাশ করে শিক্ষকদের আরো যতœশীল এবং অ্যাসাইনমেন্ট কার্যক্রমকে আরো গতিশীল করার পরামর্শ দেন। পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষকদের নিয়মিত যোগাযোগ রক্ষার বিষয়ে তিনি গুরুত্বরোপ করেন। তিনি সরকারি নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের ভর্তি কার্যকম পরিচালনার পরামর্শ দিয়ে বলেন, শারীরিক দূরত্ব বজায় রাখাসহ যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে এবার পর্যায়ক্রমে শ্রেণিভিত্তিক সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থী বাছাই করতে হবে।



