নোয়াখালীর সোনাইমুড়ীতে বিয়ের অনুষ্ঠানে মেয়েদের ছবি তুলতে বাধা দেয়ায় হামলায় নারীর মৃত্যুর ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, আট নম্বর সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামের রফিক উল্যাহর ছেলে মো: রাজিব (১৮), একই এলাকার শাহ আলমের ছেলে মো: মোয়াজ্জেম হোসেন শাওন (২০)।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করে। আটককৃত আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার উপজেলার হীরাপুর গ্রামের মোস্তফা চেয়ারম্যানের বাড়ির আবুল কালামের মেয়ের বিয়ের অনুষ্ঠানে কনের গোসলের ছবিসহ মেয়েদের ছবি তুলতে চায় একই বাড়ির মোশারেফ নামে এক বখাটে যুবক। এতে বাধা দেয় আবুল কালামের ছেলেসহ কয়েকজন। বরপক্ষ কনে নিয়ে চলে যাওয়ার পর রাতে এ নিয়ে মোশারেফের সাথে কথাকাটি হয়। একপর্যায়ে মোশারেফ ১০ থেকে ১২ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে কালামের ছেলে মাহফুজুর রহমান (২৬), নুর নাহার (৬০), আবুল কালাম (৪৯), কুলসুম আক্তারসহ (১৯) অন্তত ১০ জনকে কুপিয়ে জখম করে। এদের মধ্যে মাহফুজুর রহমান ও নুর নাহারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে নুর নাহারের অবস্থার অবনতি হলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।




