রংপুরের পীরগাছায় তৈরী করা হয়েছে মুক্তিযোদ্ধা আর্কাইভ। উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে নির্মিত আর্কাইভ উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধানের পরিকল্পনায় ও উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমানের সহযোগিতায় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ছবি নিয়ে ব্যতিক্রমী এ আর্কাইভ তৈরী করা হয়। পরে চলতি বছরের ১৬ ডিসেম্বর এটির উদ্বোধন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ ধরণের একটি আর্কাইভ নির্মাণ করায় সাধুবাদ জানিয়েছেন সেখানকার মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা বলেন, মুক্তিযোদ্ধা আর্কাইভের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সহজেই মুক্তিযোদ্ধাদের ছবির সাথে পরিচয় করে দিতে পারবো। পীরগাছার সকল মুক্তিযোদ্ধার পরিচয় তুলে ধরার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান অনেকে।
উপজেলার আওয়ামীলীগের প্রচার সম্পাদক শাহ শাহেদ ফারুক বলেন, আমার পিতা একজন মুক্তিযোদ্ধার সংগঠক ছিলেন, সকল মুক্তিযোদ্ধার ছবি এখানে সংরক্ষণ করা হচ্ছে। সহজেই আমাদের সন্তানদের কাছে মুক্তিযোদ্ধাদের সাথে পরিচয় করে দিতে পারবো।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. তছলিম উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধা আর্কাইভের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে সহজেই মুক্তিযোদ্ধাদের ছবির সাথে পরিচয় করে দিতে পারবো।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমীন প্রধান বলেন, আমার স্বপ্ন ছিল পীরগাছার সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি আর্কাইভ তৈরি করা। আমার সেই স্বপ্ন আজ পূরণ হয়েছে। আর্কাইভে উপজেলার মোট ১৯৭ জন মুক্তিযোদ্ধার ছবিসহ পরিচিতি রয়েছে বলে তিনি জানান।



