চাঁদপুরের মতলব উত্তরে এক নারীকে স্ত্রী বলে দাবি করেছেন দুই ব্যক্তি। সোমবার আদালতের হস্তক্ষেপে প্রথম স্বামীর ঘরে ফিরে যান ওই নারী। আর দ্বিতীয়জনকে যেতে হয়েছে জেলহাজতে।
ওই নারী হলেন চাঁদপুর মতলব উত্তরের গালিম গাঁ গ্রামের শাহিদুন আক্তার (২৩)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহিদুন আক্তারের সাথে ২০১৩ সালে কুমিল্লার দাউদকান্দির প্রবাসী বিল্লাল হোসেনের সাথে বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিল্লাল হোসেন কাতার প্রবাসী। তার অনুপস্থিতিতে স্ত্রী শাহিদুন আক্তার মো: সাকিবের (২৬) সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিন শিশু সন্তান নিয়ে প্রথম স্বামীকে না জানিয়ে সাকিবের সাথে নতুন সংসার শুরু করেন তিনি। গত নভেম্বরে কাতার থেকে দেশে ফেরেন বিল্লাল। স্ত্রীর সন্ধান না পেয়ে দাউদকান্দি থানায় মামলা করেন। অবশেষে গত রোববার শ্বশুর বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে সাকিবকে দেখতে পান। ওই সময় স্ত্রীকে উদ্ধারের জন্য মতলব উত্তর থানা পুলিশের সহায়তা চান বিল্লাল হোসেন।
অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ওই নারী ও সাকিবকে আটক করে থানায় নিয়ে যায়। কয়েক দফা দু’পক্ষকে নিয়ে দেন দরবার করে পুলিশ। শেষ পর্যন্ত সোমবার দুপুরে চাঁদপুরের বিচারিক হাকিম মো: হাসানুজ্জামানের আদালতে তাদের হাজির করা হয়।
শাহিদুন আক্তার আদালতকে জানান, কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর গ্রামের সাকিবের সাথে মুঠোফোনে সম্পর্ক হওয়ার পর তারা ঢাকায় বেশ কিছু দিন এক সাথে ছিলেন। তবে তাদের বিয়ে হয়নি। এখন তিনি সন্তানদের বাবা বিল্লাল হোসেনের সাথে যেতে চান।
এ ব্যাপারে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, আদালত শাহিদুন আক্তারের কথায় সন্তুষ্ট হয়ে তাকে মুক্তি দিয়েছেন। আর সাকিবকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। কারণ তিনি আদালতে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।



