গাজীপুর মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, সরকার ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখ রাতে করে এদেশে গণতন্ত্রকে হত্যার মাধ্যমে ভোগতন্ত্র কায়েম করেছে। দেশে এখন আওয়ামী লুটেরাদের মিলনমেলা চলছে। লুটপাটের অর্থ বিদেশে পাচার করে তাদের সন্তানদের আরাম আয়েশ ও নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করেছে।

বুধবার গণতন্ত্র হত্যা ও ভোট কারচুপির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের রাজবাড়ি রোডস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে মহাগনর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, অথচ দেশ ও জগণের স্বার্থে যিনি সকল চ্যালেঞ্চ মোকাবেলা করে দেশের মাটিতে থাকতে চান, তাকে দেশে আসতে দেয়া হচ্ছে না। তিনি প্রতিবেশী একটি দেশের প্রতি ইঙ্গিত করে বলেন, সরকার যাদের স্বার্থে গণতন্ত্র হত্যা করে ক্ষমতা আকড়ে ধরে রেখেছে তারা কখনো আমাদের বন্ধু ছিলো না। তারা তখনই আমাদের বন্ধু হবে যখন আমাদের ইমান-আকিদা বলতে কিছুই থাকবে না।

গাজীপুর মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট ড. মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহরাবউদ্দিন, বিএনপি নেতা আহাম্মদ আলী রুশদী, আনোয়ারুল ইসলাম, শওকত হোসেন সরকার, রাশেদুল ইসলাম কিরণ, বশির আহাম্মেদ বাচ্চু, আব্দুস সালাম, সাইফুল ইসলাম টুটুল, শাহাদাত হোসেন শাহিন, হুমায়ূন কবির রাজু, সিটি কাউন্সিলর মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, রবিউল আলম রবি, মইজ উদ্দিন তালুকদার, নাজমুল খন্দকার সুমন, শেখ সুমন প্রমুখ।