গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সিটি (গাসিক) মেয়র মো: জাহাঙ্গীর আলম বলেছেন, সরকারি চাকরিজীবী বা প্রজাতন্ত্রের কর্মচারীরা জনগণের সেবক, তাদেরকে বিষয়টি খেয়াল রাখতে হবে। তারা টাকার জন্য চাকরি করেন। পক্ষান্তরে রাজনৈতিক দলের নেতারা নিজেদের পকেটের টাকা খরচ করে জনগণের জন্য কাজ করেন, কাজেই তাদেরকে সম্মান করতে হবে।
বৃহস্পতিবার স্থানীয় ৩২ নম্বর ওয়ার্ডের মৈরান দীপালি রিসোর্টে গাজীপুর মহানগর আওয়ামী লীগের শুভেচ্ছা বিনিময় ও মিলন মেলায় বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেড মো: আমত উল্লাহ খানের সভাপতিত্বে দলীয় নেতাদের শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলায় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ ক ম মোজাম্মেল হক এমপি ও স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া।
মিলনমেলায় মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা মণ্ডলীর সদস্য, মহানগরের অন্য সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও সকল ওয়ার্ড কমিটির আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেন।
মেয়র আরো বলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগকে এমন একটি সুশৃঙ্খল ইউনিটে পরিণত করা হবে যা দেশে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে। দলের ভেতর থাকা সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি স্বার্থে কাউকে উস্কে দিয়ে দলের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। কোনো অভিযোগ থাকলে আলোচনায় বসুন অথবা দলের হাইকমান্ডের কাছে নালিশ করুন। সংগঠনকে ভালো না বাসলে অথবা অনুপ্রবেশকারী হয়ে থাকলে দয়া করে অন্য দলে চলে যান অথবা নতুন সংগঠন তৈরি করুন। গণতান্ত্রিক দেশে আলাদা সংগঠন করার অধিকার সবার আছে।
তিনি আরো বলেন, আমরা গাজীপুরে এমন একটি সুশৃঙ্খল ইউনিট গড়ে তুলতে চাই সারা দেশের কাছে যেন আমরা অনুকরণীয় হতে পারি।



