খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ইব্রাহিম খলিল ইভিএমে ভোটগ্রহণে শঙ্কা প্রকাশ করে পেশিশক্তি প্রভাবমুক্ত, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন। গত বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি কলাবাগান এলাকায় নির্বাচন প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, ক্ষমতাসীন দল ও কোনো পক্ষের পেশিশক্তির প্রভাবে প্রভাবিত না হয়ে জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমি নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমরা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশগ্রহণ করছি। বিএনপি প্রার্থী বলেন, ব্যক্তি বিশেষ পৌরসভার উন্নয়নমূলক সব কাজের টেন্ডার নিয়ে যাচ্ছে। উন্মুক্ত টেন্ডার না থাকায় সাধারণ ঠিকাদাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ মহলের ইন্ধনে পৌর শহর এখন মাদকে সয়লাব। শহরের মূল সড়কের বাইরের এলাকাগুলোতে তেমন উন্নয়ন নেই। নির্বাচনে বিজয়ী হতে পারলে স্বচ্ছতা-জবাবদিহিতাসহ মাদকমুক্ত, জনবান্ধব আধুনিক পৌরসভা গড়া হবে।



