আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হওয়া মানে নেত্রীর সিদ্ধান্ত অমান্য করা। যারা নেত্রীর সিদ্ধান্ত অমান্য করবে তারা কখনো দলের সদস্য পদ পাবে না, আওয়ামী লীগের নৌকায় চড়তে (উঠতে) পারবে না। গতকাল শনিবার দুপুরে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্রোহী প্রার্থীর বিষয়ে হুঁশিয়ারি ও ক্ষোভ জানিয়ে তিনি বলেন, দলে একাধিক যোগ্যপ্রার্থী থাকতে পারে। তবে নেত্রী যাকে চূড়ান্তভাবে মনোনীত করবে তারপর অভ্যন্তরীণ কোনো কোন্দল থাকতে পারে না। যারা আওয়ামী লীগ করবে, তাদের সবাইকে নেত্রীর সিদ্ধান্ত মেনে নৌকার পক্ষে কাজ করতে হবে। দলকে নিয়মশৃঙ্খলার মধ্যে আনতে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো বিদ্রোহী আওয়ামী লীগের নৌকায় আর চড়তে পারবে না। যারা বিদ্রোহ করবে, প্রতিবাদ করবে তারা দলের সদস্য পদ আর পাবে না।
শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, সাধারণ সম্পাদক ও পৌর নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী প্রমুখ।

সমাবেশ শেষে আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনে দলীয় মেয়রপ্রার্থী নির্মলেন্দু চৌধুরীর নৌকা প্রতীকের পক্ষে খাগড়াছড়ি শহরে গণসংযোগ করেন তিনি।