পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয়নি, যা কৃষিতে আমাদের সক্ষমতাকে প্রকাশ করে। আর এ ক্ষেত্রে আমাদের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো এবং কৃষি বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দেশের চাহিদা মিটিয়ে কৃষিপণ্য রফতানিতে বাংলাদেশ শিগগিরই স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। গতকাল শনিবার পরিদর্শনকালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সার্বিক কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বারির আইপিএম ও টক্সিকোলজি ল্যাব, কফি ও কাজুবাদাম প্রসেসিং ল্যাব, অ্যারোফনিক্স ও হাইড্রোফনিক্স গবেষণাগার, ফুল বিভাগের ফুলের মাঠ ও ক্যাকটাস হাউজ পরিদর্শন করেন।
গতকাল সকালে তিনি কৃষি গবেষণা ইনস্টিটিউটে পৌঁছলে বারির মহাপরিচালক ড. মো: নাজিরুল ইসলাম এবং অন্যান্য পরিচালক ও বিভাগীয় প্রধানরা তাকে স্বাগত জানান। পরিদর্শনকালে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে তার সামনে ইনস্টিটিউটের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও সাফল্য তুলে ধরেন কৃষিতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. দিলোয়ার আহমদ চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্ক ও বিমসটেক উইংয়ের অতিরিক্ত সচিব মো: শামসুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, ফরেন সার্ভিস একাডেমির মহাপরিচালক শাহ আহমেদ শফি, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো: শাহজাহান কবীর, বারির পরিচালক (গবেষণা) ড. মো: মিয়ারুদ্দীন, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. এস এম শরিফুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. মো: কামরুল হাসান, পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. মুহাম্মদ সামসুল আলম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. কবিতা আনজু-মান-আরাসহ বিভিন্ন বিভাগের বিজ্ঞানী ও কর্মকর্তারা।
বারি পরিদর্শনকালে পররাষ্ট্র সচিব
করোনা পরিস্থিতির মধ্যেও খাদ্য আমদানি করতে হয়নি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কৃষি ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। বর্তমান করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের বাইরে থেকে খাদ্য আমদানি করতে হয়নি,...



