ময়মনসিংহের ত্রিশালে তৃতীয় ধাপে পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী ও ত্রিশাল বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এম এ এ এস আলম বাবলু গত রোববার রাতে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। ফলে নির্বাচন বিধিমালা অনুযায়ী মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় তিনি হার্ট অ্যাটাক করেন। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ও ত্রিশাল পৌর নির্বাচন ২০২১-এর রির্টানিং অফিসার সফিকুল ইসলাম এক গণবিজ্ঞতিতে এ তথ্য জানান। ত্রিশাল উপজেলা নির্বাচন অফিসার মো: ফারুক মিয়া জানান, এম এ এ এস আলম বাবলু স্বতন্ত্র ও বৈধ প্রার্থী ছিলেন। ফলে তার মৃত্যুতে শুধু মেয়র পদে নির্বাচন বাতিল করা হয়েছে। পরবর্তীতে আবার নতুন করে তফসিল ঘোষণা করা হবে।