বাগেরহাটের চিতলমারীতে আকবর শেখ নামে এক সাইকেল গ্যারেজ মিস্ত্রির বসতবাড়ি ও রান্নাঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আকবর উপজেলার পাটরপাড়া গ্রামের আলাউদ্দীন শেখের ছেলে। নিম্নবিত্ত পরিবারটি সব হারিয়ে এখন খোলা আকাশের নিচেই অবস্থান করছে। পরিবারটির জন্য স্থানীয় জনপ্রতিনিধি ও বিত্তবানদের সাহায্য চেয়েছেন স্থানীয়রা।
আকবর শেখ বলেন, পরনের কাপড় ছাড়া আমার আর কোনো সম্বল নেই। ছেলেমেয়েদের স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। বড় ছেলেটা এবার এসএসসি পরীক্ষা দেবে। এই মুহূর্তে থাকাখাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি সরকারের কাছে এই শীতে আমার ছেলেমেয়েদের জন্য মাথা গোঁজার ঠাঁই চাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য কৃষ্ণপদ গাইন জানান, প্রতিবেশীরা রাতে ঘরে আগুন দেখে নিয়ন্ত্রণের জন্য ছুটে আসে; কিন্তু ঘরে বিদ্যুৎ ও গ্যাস সিলিন্ডার থাকায় কেউ সাহস করে আগুন নেভাতে পারেনি।
চিতলমারী থানার ওসি মীর শরিফুল হক জানান, খবর শুনেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মারুফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ হাজার টাকা, দু’টি কম্বল ও দুই বান্ডিল ঢেউটিন দেয়া হয়েছে। আরো সহযোগিতার জন্য জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে।



