কিশোরগঞ্জের কটিয়াদীতে সৌদি প্রবাসী দ্বীন ইসলামের স্ত্রী সাবিনা আক্তারের (২১) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কমরভোগ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতের কোনো একসময় সাবিনাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মা-বাবার পাশের ঘরে ঘুমাতে যায় সবিনা আক্তার। সকালে সাবিনার বাবা নামাজ পড়তে ঘর থেকে বের হয়ে দেখেন মেয়ের কক্ষের দরজা খোলা। মেয়ে সাধারণত সকাল ৮-৯টা পর্যন্ত ঘুমায়; কিন্তু ভোরে ঘরের দরজা খোলা দেখে তার বাবা ফুল মিয়া সাবিনাকে ডাকতে ডাকতে তার কক্ষে প্রবেশ কপ্রণ। মেয়ে উপুড় হয়ে শুয়ে আছে ভেবে তার পা ধরে টান দেন বাবা। এ সময় মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন তিনি।
কটিয়াদী মডেল থানার ওসি এম এ জলিল বলেন, নিহতের মোবাইল ফোনের সর্বশেষ কল লিস্টের তথ্য উদঘাটন করলে হয়তো প্রকৃত রহস্য বের হয়ে আসবে। নিহত সাবিনা নিজেই দরজা খুলেছিল, নাকি কোনো দুর্বৃত্ত পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত অপরাধীকে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।